দেশের ১৭ জেলায় রাতের মধ্যে ঝড়ের আশঙ্কা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৮:০০ পিএম

দেশের ১৭টি জেলার ওপর দিয়ে রাতের মধ্যে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। পরিস্থিতি বিবেচনায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তাসনিম হোসেন