নরসিংদীর রায়পুরা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সর্বশেষ কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য আলী আহমেদ দুলু বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে আজীবন বিএনপির রাজনীতির সঙ্গেই থাকতে চান।
বৃহস্পতিবার (২ জুলাই) রায়পুরা প্রেস ক্লাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন আলী আহমেদ দুলু। পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা পুনর্ব্যক্ত করেন।
আলী আহমেদ দুলু রায়পুরা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি এবং অলিপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। বিএনপিতে যোগ দেওয়ার পর তিনি বলেন, বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে তাঁকে হয়রানির শিকার হতে হয়েছে এবং অতীতে একাধিকবার বাধার মুখে পড়তে হয়েছে।
তিনি আরও দাবি করেন, একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দলের সঙ্গে অবস্থান পরিবর্তন করেছেন। তাঁর ভাষায়, তিনি মূলত বিএনপির রাজনীতির সঙ্গেই সম্পৃক্ত ছিলেন এবং এখন “ঘরে ফিরেছেন”।
যোগদানের পর তিনি জানান, বিএনপির সঙ্গে থেকেই ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চান এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন।
তবে তাঁর এই ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, আলী আহমেদ দুলু রাজনৈতিক জীবনের শুরুতে জাতীয় পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। পরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ২০০৯ সালের পর থেকে দলটির হয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে একাধিকবার নির্বাচিত হন এবং বিভিন্ন দায়িত্ব পালন করেন।