১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করল বিআরটিএ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ১২:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

দেশের গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের সব গণপরিবহনে জিপিএস (GPS) ট্র্যাকিং ডিভাইস সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই নতুন নির্দেশনা কার্যকর হবে বলে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএ জানায়, এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত ১১ জুন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করতে হবে এবং তা সার্বক্ষণিকভাবে সচল রাখতে হবে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস সংযুক্তকরণ নিশ্চিত করার পরই কেবল নতুন গাড়ির রেজিস্ট্রেশন প্রদান এবং পুরোনো গাড়ির ফিটনেস সনদ নবায়ন করা হবে। অন্যথায় কোনো গাড়ির কাগজপত্রের অনুমোদন দেওয়া হবে না।

বিআরটিএ আরও জানিয়েছে, জিপিএস সংযুক্তির যাবতীয় কারিগরি বিবরণ বিআরটিএ-এর স্থানীয় অফিস থেকে সরাসরি জানা যাবে। এ ছাড়া সংস্থাটির অফিশিয়াল ওয়েবসাইট (www.brta.gov.bd) থেকেও এই সংক্রান্ত সব তথ্য সংগ্রহ করা যাবে।

তাসনিম হোসেন