চলমান সংকটের জের: ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০২:১৩ পিএম

ছবি: সংগৃহীত

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক 'ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'-এর চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। চলমান সংকট মোকাবিলা, ব্যাংক ও আমানতকারীদের স্বার্থ এবং জনস্বার্থে কেন্দ্রীয় ব্যাংক এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে বোর্ড বা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও সার্বিক দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতাবলে ইসলামী ব্যাংকের এই পর্ষদ বাতিল করা হয়েছে। আইনটির ৪৭(৩) ধারা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় দায়িত্ব পালন করবেন।

এর আগে রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের প্রায় তিন ঘণ্টার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের মাত্র ঘণ্টা তিনেক পরই এই পর্ষদ বাতিলের আকস্মিক ঘোষণা আসে। তবে পর্ষদ বাতিলের কয়েক ঘণ্টা আগেই ব্যাংকটি সচল রাখতে বাংলাদেশ ব্যাংক থেকে ২ হাজার ৫০০ কোটি টাকার জরুরি তারল্য সহায়তা দেওয়া হয়।

এদিকে তারল্য সহায়তা পাওয়ার পর সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসেন গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, "এখন থেকে গ্রাহকরা নিরবচ্ছিন্নভাবে টাকা তুলতে পারবেন। ডিজিটাল ব্যাংকিং ও চেক নগদায়নে কোনো অসুবিধা হবে না।" তিনি আরও জানান, বর্তমানে ব্যাংকে আমানত জমা ও উত্তোলনের হার প্রায় কাছাকাছি—প্রতিদিন প্রায় ১,২০০ কোটি টাকা জমা হচ্ছে এবং সমপরিমাণ আমানত নগদায়ন হচ্ছে। এ ছাড়া রেমিট্যান্স বা প্রবাসী আয় প্রেরণকারীরা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সেদিকেও বিশেষ লক্ষ্য রাখা হচ্ছে বলে ব্যাংক সূত্রে জানানো হয়েছে।

তাসনিম হোসেন