প্রস্তাবিত জাতীয় বাজেটের বিভিন্ন তথ্য-উপাত্তে ছলচাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার (১৫ জুন) সকালে বাজেট পরবর্তী এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেটের হিসাব মেলানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) একটি বড় লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। তবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুশাসন না থাকলে এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়।
সরকারের কর নীতির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘যার বেশি সম্পদ আছে তাকেই বেশি কর দিতে হবে, অথচ সরকার ভ্যাট নির্ভর কর কাঠামোর দিকে আগাচ্ছে। এই নীতির কারণে করের মূল চাপটা গিয়ে পড়বে স্বল্প আয়ের মানুষের ওপরই।’
নতুন এই আয়কর কাঠামো মধ্যবিত্তের ওপর তীব্র চাপ সৃষ্টি করবে উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেটে বৈষম্য কমাতে সম্পদ কর আরোপ করা উচিত ছিল। একই সাথে এবারের বাজেটে মূল্যস্ফীতি, জিডিপি ও রাজস্ব আহরণের ক্ষেত্রে উপস্থাপিত বিভিন্ন তথ্য-উপাত্তে ছলচাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে বলেও দাবি করেন এই অর্থনীতিবিদ।