গণমাধ্যমকে নিখুঁত হতে হবে: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৫:১৩ পিএম

ছবি: সংগৃহীত

গণমাধ্যম বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়াতে না পারলে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। গণমাধ্যমকে সমাজের আয়না উল্লেখ করে তিনি বলেন, "তাই গণমাধ্যমকে নিখুঁত থাকতে হবে।" সোমবার (১৫ জুন) সকালে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সেমিনারে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠানকে সবসময় সভ্যতার সঙ্গে প্রতিযোগিতার সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে হবে। তিনি আহ্বান জানিয়ে বলেন, যে ১৬ জুন গণমাধ্যমের কালো দিবস রচিত হয়েছিল, সেই দিনটিকে যেন গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের দিন হিসেবে রূপান্তর করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, সংবাদমাধ্যমের মধ্যে মতাদর্শের ভিন্নতা বা বৈচিত্র্য থাকতেই পারে, কিন্তু দেশ ও মানবতার কল্যাণের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাংবাদিকদের আশ্বস্ত করে তথ্যমন্ত্রী জানান, স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের জন্য সরকারের পক্ষ থেকে যে তৎপরতা চালানো হচ্ছে, তা দিন দিন আরও বেগবান হচ্ছে।

তাসনিম হোসেন