গ্রাহকদের ব্যাপক আমানত উত্তোলনের চাপ মোকাবিলায় ইসলামী ব্যাংককে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির নগদ অর্থের সংকট নিরসনে এই সহায়তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংক সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন করে ২ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা পেয়েছে ব্যাংকটি। এর আগে রোববার বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছিল, ইসলামী ব্যাংকের ১০ হাজার কোটি টাকার চাহিদার বিপরীতে প্রাথমিকভাবে আড়াই হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূলত গত ১ জুন থেকে গ্রাহকদের ব্যাপক নগদ অর্থ উত্তোলনের কারণে ব্যাংকটির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। সেই পরিস্থিতি মোকাবিলায় এই সহায়তা দেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছিলেন, ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে আরও সহায়তা দেওয়া হতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত মাত্র নয় দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা আমানত তুলে নিয়েছেন গ্রাহকরা। ফলে ব্যাংকটির তারল্য ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়।
ব্যাংকের অভ্যন্তরীণ হিসাব বলছে, ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত আমানত কমেছে ৪ হাজার ২০৪ কোটি টাকা। পরবর্তী দুই দিনে আরও প্রায় ২ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়। এর ফলে কয়েকটি শাখা ও স্বয়ংক্রিয় অর্থ বিতরণ কেন্দ্রে নগদ অর্থের সংকট দেখা দেয়।
পরিস্থিতি পর্যালোচনায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিল করে। একই সঙ্গে পর্ষদের সব দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকের স্থিতিশীলতা বজায় রাখা এবং জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।