নতুন পাটকল গড়ার পরিকল্পনা নেই, বেসরকারি বিনিয়োগেই জোর দিচ্ছে সরকার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৯:৩২ পিএম

দেশে সরকারিভাবে নতুন কোনো পাটকল স্থাপনের উদ্যোগ নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেছেন, পাটশিল্পকে এগিয়ে নিতে এখন বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করাই সরকারের প্রধান লক্ষ্য।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, পাট উৎপাদন বৃদ্ধি এবং উন্নতমানের পাটবীজের ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে সরকার বর্তমানে একটি প্রযুক্তিনির্ভর প্রকল্প বাস্তবায়ন করছে, যার মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত। প্রকল্পের কার্যক্রম শেষ হলেও রাজস্ব বাজেটের আওতায় একই ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

বন্ধ পাটকলগুলোর বিষয়ে তিনি জানান, ২০২০ সালের ১ জুলাই সরকারি সিদ্ধান্তে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের অধীন ২৫টি পাটকল বন্ধ করা হয়। পরবর্তীতে এসব কারখানার মধ্যে ২০টি বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়।

এ পর্যন্ত ১৪টি পাটকলের ইজারা চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৯টি পাটকল উৎপাদন কার্যক্রম শুরু করেছে। অবশিষ্ট মিলগুলোর ইজারা কার্যক্রমও বিভিন্ন পর্যায়ে এগিয়ে চলছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে অধিকাংশ বন্ধ পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় উৎপাদনে ফিরতে সক্ষম হবে।

তিনি আরও জানান, অবস্থানগত ও আইনগত জটিলতার কারণে পাঁচটি পাটকল এখনো ইজারা কার্যক্রমের বাইরে রয়েছে। এসব সমস্যার সমাধান হলে ভবিষ্যতে সেগুলোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

 
 

তাসনিম হোসেন