আগামী জুলাই মাস থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিদ্যালয়ের পোশাক বিতরণ শুরু করবে সরকার। পাশাপাশি দেশব্যাপী দুপুরের খাবার কর্মসূচি চালু এবং শ্রেণিকক্ষে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণের কাজও এগিয়ে চলছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা যথেষ্ট নয়। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্কসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের দক্ষ, সৃজনশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
মন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিদ্যালয়ের পোশাক বিতরণের উদ্যোগ বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে দেশব্যাপী দুপুরের খাবার কর্মসূচি চালুর কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করতে বিদ্যালয়গুলোতে আধুনিক পাঠদান সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপনের কাজ অব্যাহত রয়েছে।
সেশনজট কমানোর বিষয়ে মন্ত্রী বলেন, পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অযথা সময় নষ্ট কমে আসবে।
এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে সংশোধিত ও পরিমার্জিত নতুন পাঠ্যবই দেশের সব বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
শিক্ষা খাতকে সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে চলতি বাজেটেও শিক্ষা খাতে উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় খেলাধুলা, সংস্কৃতি, কুইজ, কাবিং ও বিতর্কসহ বিভিন্ন বিষয়ে দেশের প্রায় ২ কোটি ১৮ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্য থেকে নির্বাচিত ৪০০ শিক্ষার্থী জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নেয়।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।