এবার আওয়ামী লীগের পলাতক সাবেক এমপিকে দেখা গেলো ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিতে

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ০৪:২৭ পিএম

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে ভারতের ত্রিপুরার একটি মেডিকেল কলেজে পাঠদান করছেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি আধুনিক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামনে পাঠদান করছেন। ভিডিওটি ওই মেডিকেল কলেজের ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়েছে, যা ঘিরে বিষয়টি সামনে আসে।

শনিবার সকালে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক স্টাফ নার্স বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. প্রাণ গোপাল দত্ত সেখানে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন। তবে তিনি কতদিন ধরে সেখানে পাঠদান করছেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষে ডিজিটাল বোর্ডে চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয় প্রদর্শিত হচ্ছে এবং তিনি নাক-কান-গলা (ইএনটি) বিষয়ে লেকচার দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের মতো ডা. প্রাণ গোপাল দত্তও আত্মগোপনে চলে যান। এরপর থেকে দেশে তার অবস্থান নিয়ে অনিশ্চয়তা থাকলেও সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর তার ভারতে অবস্থানের বিষয়টি আলোচনায় আসে।

ডা. প্রাণ গোপাল দত্ত নাক-কান-গলা রোগের বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ২০১২ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত। পরবর্তীতে তিনি রাজনীতিতে যুক্ত হয়ে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

তাসনিম হোসেন