দখলদারিত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয়: আল-সিসি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের অবসান ছাড়া দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি বলেন, ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে স্থায়ী স্থিতিশীলতার একমাত্র পথ।

এক বিশেষ ভাষণে আল-সিসি বলেন, দখলদারিত্ব, অবিচার ও আগ্রাসনের অবসান ঘটিয়ে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। একই সঙ্গে সবার নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মিশরের প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি বাস্তবসম্মত ও টেকসই শান্তি চুক্তিই দীর্ঘদিনের সংঘাতের কার্যকর সমাধান হতে পারে এবং এর মাধ্যমে এ অঞ্চলে স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ উন্মুক্ত হবে।

তিনি ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সমর্থনও কামনা করেন।

উল্লেখ্য, ১৯৭৯ সালে মিশরই প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল। তবুও বর্তমান প্রেসিডেন্ট আল-সিসি বলেছেন, ফিলিস্তিন প্রশ্নের ন্যায়সঙ্গত সমাধান ছাড়া সম্পর্কের পূর্ণ স্বাভাবিকীকরণ সম্ভব নয়।

তাসনিম হোসেন