সাংবাদিকতা পেশাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার কাঠামো এখনো তৈরি হয়নি: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম

ছবি: সংগৃহীত

সাংবাদিকতা পেশাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার মতো কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো এখন পর্যন্ত তৈরি না হওয়াই এই পেশা বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (২৭ জুলাই) বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সোমবার (২৭ জুলাই) বরিশাল বিভাগের সাংবাদিকদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সভায় গণমাধ্যমের বর্তমান অবস্থা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সমাজকে প্রতিনিয়ত আয়নার সামনে দাঁড় করানোর কাজটি করে থাকে গণমাধ্যম। তাই এই দায়িত্বশীল পেশাকে টিকিয়ে রাখা কেবল সংবাদকর্মীদের একলার কাজ নয়, বরং এটি রাষ্ট্র, সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত দায়িত্ব। তিনি আরও উল্লেখ করেন যে, গণমাধ্যমের অস্তিত্ব ছাড়া কোনো সভ্য সমাজ বিনির্মাণ কল্পনা করা যায় না। বর্তমান সরকারের আমলে সাংবাদিকরা তুলনামূলকভাবে অনেক বেশি চাপমুক্ত ও স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পাচ্ছেন বলে সাংবাদিক নেতারাও মন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সামগ্রিক কল্যাণে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের কল্যাণ মানেই প্রকারান্তরে দেশের সার্বিক কল্যাণ। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা এবং জীবনমান উন্নত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে এবং এ জন্য সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খোন্দকার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির, ট্রাস্টি বোর্ডের সদস্য কাওছার হোসেন খোন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।

মতবিনিময় সভায় বরিশাল বিভাগের বিভিন্ন এলাকার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণ, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান প্রদান এবং পেশাগত দক্ষতা উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সুনির্দিষ্ট সুপারিশ পেশ করেন। উপস্থিত সাংবাদিকদের এসব পরামর্শ ও দাবিগুলো অত্যন্ত বাস্তবসম্মত বলে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী তা পর্যায়ক্রমে বাস্তবায়নের জোরালো আশ্বাস দেন। সভা শেষে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার মোট ৪৯ জন কর্মক্ষম ও দুস্থ সাংবাদিকের হাতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

তাসনিম হোসেন