তিন দিনের ব্যবধানে দুই দফা বৃদ্ধি, স্বর্ণ-রুপার দামে নতুন রেকর্ড

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০১:১৭ পিএম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। মাত্র তিন দিনের ব্যবধানে টানা দুই দফা মূল্যবৃদ্ধির ফলে প্রতি ভরি স্বর্ণের দাম ১২ হাজার টাকার বেশি এবং রুপার দাম ৫২৪ টাকা পর্যন্ত বেড়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৩০ হাজার টাকার ঘর অতিক্রম করেছে।

স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের অলংকার বাজারে। এ পরিস্থিতিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন করে স্বর্ণ ও রুপার মূল্য নির্ধারণ করেছে, যা সোমবার সকাল থেকে কার্যকর হয়েছে।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, টানা দুই দফা মূল্য সমন্বয়ের ফলে প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১২ হাজার ৭২ টাকা বৃদ্ধি পেয়েছে। সবশেষ দফায় ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা।

অন্যদিকে রুপার দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। টানা দুই দফায় প্রতি ভরি রুপার দাম মোট ৫২৪ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়, ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ ও রুপার মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। এর ফলে অলংকার ক্রেতাদের আগের তুলনায় আরও বেশি মূল্য গুনতে হবে।

বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামের ঊর্ধ্বগতি এবং স্থানীয় বাজারে সরবরাহ ব্যয়ের বৃদ্ধি স্বর্ণ ও রুপার দাম বাড়ার অন্যতম কারণ। ফলে স্বর্ণের বাজারে নতুন এই মূল্যবৃদ্ধি ক্রেতা ও ব্যবসায়ী উভয়ের ওপরই প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

তাসনিম হোসেন