বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের নাটকীয় বিদায় এবং রেফারিং নিয়ে চলমান তীব্র বিতর্কের রেশ এবার পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও। ম্যাচটিতে রেফারিংয়ের কড়া সমালোচনা করে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রকাশ্যে মন্তব্য করেছেন, ‘মিশরের সাথে ডাকাতি করা হয়েছে।’ মার্কিন এই রাজনীতিকের এমন মন্তব্য বিশ্বকাপের চলমান বিতর্কে সম্পূর্ণ নতুন এক মাত্রা যোগ করেছে।
মঙ্গলবার শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিশর। তবে হারের পর থেকেই ম্যাচ পরিচালনা ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারের যৌক্তিকতা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনার একদিন পর, বুধবার (৯ জুলাই) নিউইয়র্কে ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ নামক একটি সরকারি কর্মসূচি ঘোষণা করার সময় মেয়র মামদানি আচমকাই বিশ্বকাপের সেই বিতর্কিত ম্যাচটির প্রসঙ্গ টেনে আনেন।
নতুন দ্রুতগতির বাসসেবা চালুর ফলে কীভাবে সাধারণ যাত্রীদের মূল্যবান সময় বাঁচবে, তা বোঝাতে গিয়ে রসাত্মক ও ক্ষোভের সুরে মেয়র মামদানি বলেন, ‘এই সেবার ফলে আগামী ছয় মাসে আপনার ২৪ ঘণ্টা সময় বাঁচবে। আপনি পরিবারের সঙ্গে সকালের নাশতা করতে পারবেন, সন্তানের খেলায় উপস্থিত থাকতে পারবেন। আর বন্ধুদের সঙ্গে আড্ডায় অন্তত এই বিষয়ে একমত হতে পারবেন যে, গতকাল মিশরকে ছিনতাই করা হয়েছে। সবকিছুর ঊর্ধ্বে, এটি নিউইয়র্কবাসীর কাছে তাদের মূল্যবান সময় ফিরিয়ে দেবে।’ মেয়রের এই মন্তব্যটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
মূলত ম্যাচের ৫৮তম মিনিটে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। সে সময় মিশর ১-০ গোলে এগিয়ে ছিল। মাঠের দারুণ এক আক্রমণ থেকে মিশরের তারকা মোস্তফা জিকো বল আর্জেন্টিনার জালে পাঠালেও ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ভিএআর (VAR)-এর পরামর্শে গোলটি বাতিল করে দেন। গোল বাতিলের কারণ হিসেবে দেখানো হয়, গোল হওয়ার প্রায় ২০ সেকেন্ড আগে মাঠের অন্য প্রান্তে মিশরের খেলোয়াড় মারাওয়ান আতিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করেছিলেন।
এই গোলটি বাতিল হওয়ার পরই ম্যাচের পুরো মোড় ঘুরে যায়। মানসিক ধাক্কা সামলে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে নাটকীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
ম্যাচ শেষে মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফরা মাঠেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন। গোলদাতা মোস্তফা জিকো এই রেফারিংকে ‘অন্যায্য, অন্যায্য, অন্যায্য’ বলে আখ্যা দেন। অন্যদিকে মিশরের প্রধান কোচ হোসাম হাসান সরাসরি অভিযোগ তোলেন যে, ম্যাচটি ‘স্পষ্টভাবে সাজানো’ ছিল। রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার ম্যাচ পরিচালনাকারী দলের এমন বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার (FIFA) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।