বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলা ইরানের

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ১২:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ‘পঞ্চম নৌবহর’ (ফিফথ ফ্লিট) লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত এক সামরিক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, হামলায় ঘাঁটির জ্বালানি ডিপোতে অগ্নিকাণ্ডের পাশাপাশি একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স রাডার, নৌবহরের প্রধান আকাশপথ নিয়ন্ত্রণ রাডার এবং সি-র‍্যাম (C-RAM) প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ধ্বংস হয়েছে।

এছাড়া মার্কিন নৌবাহিনীর চালকবিহীন সারফেস ভেসেল পরিচালনায় ব্যবহৃত নিয়ন্ত্রণ ও মনিটরিং কেন্দ্রও হামলায় ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

বিবৃতিতে ইরান আরও জানায়, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ জবাবে তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) বা বাহরাইন সরকার হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। পাশাপাশি আইআরজিসির ক্ষয়ক্ষতির দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা।

তাসনিম হোসেন