৫১ অনুচ্ছেদ দেখিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০১:০৬ পিএম

সংবিধানের ৫১ অনুচ্ছেদ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তারে কোনো সাংবিধানিক সুরক্ষা দেয় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। রোববার (২৬ জুলাই) রাতে চুয়াডাঙ্গার জীবননগরে দলীয় পদযাত্রা ও পথসভায় তিনি এ কথা বলেন।

‘ন্যায়, গণতন্ত্র, অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ আয়োজিত এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে আখতার হোসেন বলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদ উল্লেখ করে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো সম্ভব নয়। তার ভাষ্য, এ অনুচ্ছেদ গ্রেপ্তারের বিরুদ্ধে কোনো ধরনের সাংবিধানিক সুরক্ষা দেয় না।

বক্তব্যে তিনি বিএনপিরও সমালোচনা করেন। আখতার হোসেনের দাবি, দলটি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও বিএনপি সেই রায় বাস্তবায়ন করেনি।

তিনি অভিযোগ করেন, বিএনপি বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করছে। নির্বাচন কমিশনকেও দলীয়করণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।

এ সময় চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব, সদস্যসচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার ছোটন, আলী রুশদী মজনুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশক্তি এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে একই দিনে ঝিনাইদহে এনসিপির ‘জুলাই জাগরণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির ধারাবাহিকতায় সোমবার বিকেলে চুয়াডাঙ্গাতেও পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।

 
 
 

তাসনিম হোসেন