ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও কারিগরি ত্রুটির কারণে ভুলবশত সরিয়ে নেওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। পরবর্তীতে ভিডিওটি পুনরুদ্ধার করে পুনরায় চালুর ব্যবস্থা করা হলেও ভারত সরকার পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মেটার এক মুখপাত্র বিবৃতিতে নিশ্চিত করেছেন যে কারিগরি ত্রুটির কারণেই মোদির ভিডিওটি সাময়িকভাবে মুছে ফেলা হয়েছিল। ভুল বুঝতে পেরে তা দ্রুত পুনরুদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় নড়েচড়ে বসেছে দিল্লি। ভারত সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে এবং ভিডিওটি সরিয়ে নেওয়ার প্রকৃত কারণ ও পেছনের ঘটনাক্রম তদন্ত করে দেখছে। ঘটনার সন্তোষজনক ব্যাখ্যার জন্য মেটার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হতে পারে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।
আলোচিত এই ভিডিওটি গত ২৩ জুলাই ফেসবুকে আপলোড করা হয়েছিল। এটি ছিল ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে আয়োজিত শিক্ষার্থী বিক্ষোভের প্রেক্ষাপটে জেন-জি বা তরুণ প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম কোনো বার্তা। ভিডিওটিতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোরালো আশ্বাস দেওয়া হয়েছিল। ব্লক হওয়ার আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে দেওয়া এই ভিডিওটিতে ইতোমধ্যে লাখ লাখ ভিউ হয়েছিল।
সূত্র: এনডিটিভি