ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: জয়পুরহাটসহ দেশব্যাপী দায়িত্ব পালন করলেন বিএনসিসির ১৪ শতাধিক ক্যাডেট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ এএম

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে জয়পুরহাটসহ দেশব্যাপী পোস্টাল ব্যালট গণনা ও নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন বাহিনীর সদস্যরা।

বিএনসিসি সদর দপ্তরের তথ্যমতে, এই মহান দায়িত্ব পালনে বিএনসিসির ৫টি রেজিমেন্ট— রমনা, ময়নামতি, কর্ণফুলী, সুন্দরবন এবং মহাস্থান রেজিমেন্টের সদস্যরা অংশগ্রহণ করেন। নির্বাচনে সেনা, নৌ ও বিমান শাখার মোট ১ হাজার ৪০৮ জন ক্যাডেট, ৩০ জন সার্ভিস অফিসার, ৫১৪ জন বিএনসিসিও (BNCCO)/পিইউও (PUO), সামরিক প্রশিক্ষক এবং বেসামরিক কর্মচারী সরাসরি দায়িত্ব পালন করেছেন। তারা নির্বাচন কমিশন সচিবালয়, বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়সহ বিভিন্ন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিষ্ঠার সাথে কাজ করেন।

উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা জয়পুরহাট, বগুড়া ও নওগাঁয় নির্বাচনী দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রেখেছে ৩৩ বিএনসিসি ব্যাটালিয়ন। ব্যাটালিয়ন কমান্ডার কাজী ইমরুল কায়েসের নেতৃত্বে জেলা রিটার্নিং কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী জয়পুরহাটসহ তিনটি জেলায় এক সেকশন করে মোট তিন সেকশন ক্যাডেট মোতায়েন করা হয়। তারা সংশ্লিষ্ট জেলার কন্ট্রোল রুমে অবস্থান করে অর্পিত দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করেন।

​এ সময় তিন জেলার পিইউও (PUO)-গণ ছাড়াও কার্যক্রম তদারকিতে উপস্থিত ছিলেন বিএনসিসিও ২/লেফট্যানেন্ট আবু রেজা মোহাম্মদ আমিনুর রহমান।

নির্বাচন সংশ্লিষ্টরা বিএনসিসির এই শৃঙ্খলাপরায়ণ ও দক্ষ দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেছেন।

রেহানা বেগম