বর্তমান সরকারও ফ্যাসিস্টের পথেই হাঁটছে: জামায়াত নেতা মোবারক হোসাইন

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১১:৩৮ এএম

ছবি: সংগৃহীত

জুলাইয়ের শহীদ ও আহতদের ত্যাগের কথা বর্তমান সরকার ভুলে গেছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন অভিযোগ করেছেন যে, ফ্যাসিস্ট সরকার যে পথে হেঁটেছিল, বর্তমান সরকারও সেই একই পথে হাঁটছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত ইসলামীর উদ্যোগে সিদ্ধিরগঞ্জের গ্রিন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে ‘জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বর্তমান সরকারের সমালোচনা করে মোবারক হোসাইন আরও বলেন, তারা কীভাবে নির্বাচনে এসেছেন এবং ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসেছেন তা জানা আছে। দেশের স্বার্থে সেই ইঞ্জিনিয়ারিং মেনে সংসদে গেলেও সরকারের আর কোনো অন্যায্য আবদার মেনে নেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। সরকারের উদ্দেশে তিনি স্পষ্ট ভাষায় বলেন, সংবিধান সংশোধন নয়, বরং তারা সংস্কার চান এবং জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না। ৬৮ ভাগ মানুষ জুলাই সনদের পক্ষে রয়েছে দাবি করে তিনি জানান, দাবি আদায়ে রাজপথে আন্দোলনে নামলে জনগণ তাদের সঙ্গেই থাকবে। দেশে নতুন করে কোনো অরাজক পরিবেশ সৃষ্টি না করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মো. আব্দুল জব্বার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা সমুন্নত রাখতে এবং শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করতে অবিলম্বে ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করতে হবে।

নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি প্রকৌশলী মনোয়ার হোসাইনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ এবং নারায়ণগঞ্জ জেলার আমীর আলহাজ্ব মুমিনুল হক সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় মহানগরী ও জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

তাসনিম হোসেন