আন্দোলনকারীদের ওপর হয়রানি বন্ধ না হলে ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম

ছবি: সংগৃহীত

আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান ও হয়রানি অবিলম্বে বন্ধ না হলে আবারও কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজিপি) অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা। একই সঙ্গে ভারত সরকারের বিরুদ্ধে চুক্তি বা সমঝোতা ভঙ্গের গুরুতর অভিযোগও তুলেছেন তিনি।

সোমবার নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আশুতোষ রাঙ্কা জানান, বিহার ও পশ্চিমবঙ্গে শত শত শিক্ষার্থীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীরা প্রতিনিয়ত নজরদারি ও হয়রানির শিকার হচ্ছেন। এমনকি দিল্লিতে আন্দোলনকারীদের সহায়তাকার হিসেবে কাজ করা স্বেচ্ছাসেবকদেরও আটক করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আশুতোষ রাঙ্কা জোরালো দাবি জানিয়ে বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা এফআইআর অবিলম্বে প্রত্যাহার করতে হবে, গ্রেপ্তারকৃত সব শিক্ষার্থীকে নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং ভবিষ্যতে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় তদন্ত সংস্থা কিংবা বিজেপি ও তার শরিক দলগুলোর শাসিত রাজ্যগুলোতে নতুন করে যেন কোনো মামলা না করা হয়। অন্যথায় তারা বাধ্য হয়ে আবারও রাজপথে আন্দোলন শুরু করবেন।

এছাড়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে ইতিপূর্বে যে লিখিত সমঝোতা হয়েছিল, তা বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি আগামী মঙ্গলবারের মধ্যে প্রকাশ করারও জোর দাবি জানান এই রাজনৈতিক মুখপাত্র।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

তাসনিম হোসেন