তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা প্রদান ও সাফল্য কামনায় এক গাইডলাইন ও দু'আ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ২৫ জুন (বৃহস্পতিবার) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে পরীক্ষার্থীদের তৈরি "Reviving of lost glory" শীর্ষক একটি বিশেষ দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব, মাদিনাতুল উলুম কামিল মাদরাসার হেড মুহাদ্দিস শায়খ ড. আবুল কালাম আজাদ বাশার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শাহ ওলিউর রহমান চিশতি এবং ড. মীম আতিকুল্লাহ।
মাদরাসার ভাইস প্রিন্সিপাল জনাব এরশাদুল্লাহ আজহারীর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এইচ এম আবদুল্লাহ আল মামুন। এছাড়া অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. মতিউল ইসলাম এবং ২০২৬ সালের আলিম পরীক্ষার হল সচিব ও দারুল ফালাহ ছালেহিয়া সাহেব আলি ফাযিল মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব আবু জাফর মোঃ ছাদেক হাসান।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী মানপত্র পাঠ করে মেধাবী ছাত্র লুৎফর রহমান। এছাড়া ছাত্রদের মধ্য থেকে মাহদি হাসান এবং ইংরেজিতে খাইরুল বাশার নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য প্রদান করে।
উক্ত অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এবং আলিম মাদরাসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষভাগে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষা শেষের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি শায়খ ড. আবুল কালাম আজাদ বাশার।