কুমিল্লায় সন্তান হত্যার অভিযোগে বাবা-মা ও ভাই গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১ জুলাই ২০২৬, ০৮:৪৪ পিএম

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আব্দুল কাদের নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তারই বাবা, মা ও ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মঙ্গলবার (৩০ জুন) রাতে পৃথক অভিযানে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিহত আব্দুল কাদেরের বাবা লিটন, মা কাজল বেগম এবং ভাই রাকিব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে আব্দুল কাদেরকে হাত-পা বেঁধে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের হলে অভিযান শুরু করে পুলিশ।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, ২৯ জুন উপজেলার হেসাখাল পদুয়াপাড়া-মেরকোট সড়কের পাশের একটি ডোবা থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের স্ত্রী মরদেহটি আব্দুল কাদেরের বলে শনাক্ত করেন। পরদিন তিনি চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর অভিযান চালিয়ে ফেনী সদর উপজেলার সাদাপুর রেলগেট এলাকা থেকে নিহতের বাবা ও ভাইকে গ্রেপ্তার করা হয়। একই সময় তাদের বাড়ি থেকে মা কাজল বেগমকে আটক করা হয়।

বাদীপক্ষের অভিযোগ, ২৫ জুন সকালে পারিবারিক কলহের জেরে স্বামীকে মারধর করা হয়। এরপর তিনি থানায় অভিযোগও করেন। চার দিন পর তার মরদেহ উদ্ধার হয়।

তদন্ত কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২৫ জুন রাতে ভুক্তভোগীকে হাত-পা বেঁধে মারধর করা হয় এবং পরে হত্যা করে মরদেহ গুমের চেষ্টা করা হয়।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে একটি অটোরিকশা, কোদাল ও সাবল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

তাসনিম হোসেন