রডের বদলে বাঁশ! বরিশালে নির্মাণাধীন ব্রিজ ভেঙে দিল প্রশাসন

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৮:৫২ পিএম

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি আয়রন ব্রিজ নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে প্রশাসনের তদন্ত।

স্থানীয়দের অভিযোগ ছিল, রত্নপুর ইউনিয়নে নির্মাণাধীন প্রায় ৪৫ ফুট দীর্ঘ ব্রিজে নকশা অনুযায়ী রড ব্যবহার না করে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে। অভিযোগের পর উপজেলা প্রশাসন ও প্রকৌশল বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজের একটি অংশ ভেঙে পরীক্ষা করে এ অনিয়মের প্রমাণ পায়।

তদন্তে দেখা যায়, নির্ধারিত মান অনুযায়ী রড ও কংক্রিট ব্যবহার না করে নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণকাজ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক ও উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী উপস্থিত থেকে ব্রিজের অংশ ভাঙার সময় বিষয়টি নিশ্চিত করেন।

প্রশাসন জানিয়েছে, ত্রুটিপূর্ণ অংশ আংশিকভাবে ভেঙে ফেলা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং উন্নয়ন প্রকল্পে কঠোর তদারকির দাবি জানিয়েছেন।

তাসনিম হোসেন