ইন্ডিয়ার প্রডাক্ট মাদককেও পুশব্যাক করে দিতে হবে: এমপি মুজাহিদ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ০৯:৪৮ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকের বিরুদ্ধে চলমান গণআন্দোলনে সমর্থন ও পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আতিক মুজাহিদ। তিনি মাদকবিরোধী আন্দোলনকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী গণমিছিল, মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

আতিক মুজাহিদ বলেন, মাদকের বিরুদ্ধে চলমান সামাজিক আন্দোলনে তিনি পাশে থাকবেন। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের মধ্যে মাদক ও ক্ষতিকর দ্রব্যের বিস্তার রোধে কঠোর অবস্থান নিতে হবে।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী জড়িত থাকলে তাদের বহিষ্কার করা উচিত। পাশাপাশি প্রশাসনের কোনো সদস্য জড়িত থাকলে তাদের তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এর আগে বালারহাট বাজার থেকে একটি মাদকবিরোধী গণমিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালারহাট–ফুলবাড়ী সড়কে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

তাসনিম হোসেন