বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বিয়ে

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম

রাজবাড়ী সদর উপজেলার একটি গ্রামে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক গৃহবধূ ও এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। পরে স্থানীয়ভাবে তাদের বিয়ে দেওয়া হয়েছে।

শনিবার রাতে ওই ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে একটি মেহগনি গাছের সঙ্গে একই রশিতে ওই তরুণ ও গৃহবধূকে বেঁধে রাখা হয়েছে। সেখানে কয়েকজন নারী-পুরুষ উপস্থিত ছিলেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন করতে শোনা যায়। একপর্যায়ে তরুণকে পরিবারের সদস্যদের ফোন করতে বলা হয় এবং তাকে বাঁধন খুলে দেওয়ার জন্য অনুরোধ করতে দেখা যায়, তবে উপস্থিত কয়েকজন এতে বাধা দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার ওই তরুণের সঙ্গে গৃহবধূর সম্পর্ক ছিল বলে অভিযোগ ওঠে। পরে ওই গৃহবধূর স্বামী তাদের একসঙ্গে ধরে ফেলেন। এরপর দুজনকে বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

পরবর্তীতে স্বামী সংসার না করার সিদ্ধান্ত জানালে স্থানীয়ভাবে তাদের বিচ্ছেদের ব্যবস্থা করা হয়। রাতেই একজন ধর্মীয় ব্যক্তিকে ডেকে ওই তরুণ ও গৃহবধূর বিয়ে সম্পন্ন করা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখনো কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাসনিম হোসেন