অপহরণ ও মুক্তিপণ দাবি: দৈনিক কালবেলার রায়পুর প্রতিনিধি মাজেদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুলাই ২০২৬, ০৬:৪৫ পিএম

ছবি: প্রজন্ম ২৪

লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগে দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি মাজেদ হোসেন ও সাগর নামে আরও একজনের বিরুদ্ধে রায়পুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করলেও অভিযুক্তরা পলাতক রয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সকালে চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের বাসিন্দা মহিউর গাজী ও একই এলাকার মোস্তফা ঢালীকে রায়পুরের নতুন বাজার খেজুরতলা এলাকা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাদের রায়পুর সরকারি হাসপাতালের মাঠে আটকে রেখে মারধর করা হয় এবং পরিবারের কাছে প্রথমে ২ লাখ ও পরবর্তীতে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

​ভুক্তভোগী মহিউর গাজীর ছেলে ও মামলার বাদী দেলোয়ার মিয়া জানান, অপহরণকারীরা মোবাইল ফোনে কল দিয়ে দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ দিতে থাকে। নিরুপায় হয়ে পরিবারের পক্ষ থেকে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা পাঠানো হয়। এরপর বিষয়টি রায়পুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে মাগরিবের পর ভুক্তভোগীদের উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​এ ঘটনায় গত রোববার (৫ জুলাই) দেলোয়ার মিয়া বাদী হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেন।

​অর্থ লেনদেনের বিষয়ে স্থানীয় এক বিকাশ এজেন্ট রাশেদ জানান, সাংবাদিক মাজেদ তার কাছ থেকে একটি এজেন্ট নম্বর নিয়ে বলেছিলেন সেখানে ৭০ হাজার টাকা আসবে। কিন্তু পরবর্তীতে ওই নম্বরে ৫ হাজার টাকা আসে এবং মাজেদ নিজেই এসে সেই টাকা তুলে নিয়ে যান।

​অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাংবাদিক মাজেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,

​"ঘটনার সত্যতা আছে। বিপদ আসলে যেমন হয়, এখন আমারও তেমন পরিস্থিতি হয়েছে।"


​এদিকে মাজেদের বিরুদ্ধে এলাকায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, এর আগেও এক তরুণীকে দোকানে আটকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছিল মাজেদের বিরুদ্ধে। সেবার তরুণীর মায়ের কাছে মাফ চেয়ে পার পেয়ে গেলেও তার এমন আচরণে এলাকাবাসী ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। তারা মাজেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, "মাজেদের বিরুদ্ধে এর আগেও ধর্ষণ চেষ্টা'সহ একাধিক অভিযোগ উঠেছে। এবার অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা দায়ের হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

তাসনিম হোসেন