সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে ‘উসকানিবিহীন আগ্রাসন’ হিসেবে পশ্চিমা দেশগুলোর বর্ণনা প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, তারা কোনো নতুন হামলা চালাচ্ছে না; আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমা দেশগুলোর সাম্প্রতিক অভিযোগের জবাবে বলেছে, ইরানের সামরিক পদক্ষেপকে একতরফাভাবে আগ্রাসন হিসেবে উপস্থাপন করা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সাম্প্রতিক ঘটনাকে শুধু ‘নতুন সামরিক সংঘাত’ হিসেবে দেখানো সঠিক নয়। তাঁর দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা প্রকাশ্য ও উসকানিবিহীন সামরিক অভিযানের ধারাবাহিক প্রতিক্রিয়াই হচ্ছে ইরানের বর্তমান পদক্ষেপ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বাঘাই বলেন, ইরান কোনো আগ্রাসন চালাচ্ছে না। পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনায় পরিচালিত হামলাগুলো আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার স্বীকৃত অধিকারের অংশ।
তিনি আরও বলেন, যেসব দেশ নিজেদের ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েনের অনুমতি দিয়েছে, তাদের উচিত সেই ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না দেওয়া।
ইরানের ভাষ্য অনুযায়ী, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং আন্তর্জাতিক আইনের সীমার মধ্যেই এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে এ বিষয়ে পশ্চিমা দেশগুলোর অবস্থান এবং আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।