বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই দুর্যোগে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় বাংলাদেশে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
শোকবার্তায় তিনি বলেন, এই কঠিন সময়ে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশের সরকার এবং জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছে।
তিনি দুর্যোগে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা, সুস্থতা ও সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, চলমান দুর্যোগ সফলভাবে মোকাবিলা করে বাংলাদেশ দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষ শিগগিরই তাদের স্বাভাবিক জীবন ও জীবিকায় ফিরতে সক্ষম হবেন।