খামেনির জানাজায় অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ!

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ০৯:১২ পিএম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে দেশটিতে নজিরবিহীন জনসমাগমের প্রস্তুতি চলছে। কর্তৃপক্ষের ধারণা, এ আয়োজনে কোটি কোটি মানুষ অংশ নিতে পারেন।

ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাজধানী তেহরানে প্রায় ২ কোটি এবং দেশজুড়ে মোট সাড়ে ৩ কোটি মানুষ জানাজা ও সংশ্লিষ্ট কর্মসূচিতে অংশ নিতে পারেন। একই সঙ্গে ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি এবং প্রায় ১৪ হাজার সাংবাদিকের উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

ধারণা করা হচ্ছে, বিপুল এই জনসমাগম ঘটলে তা ১৯৮৯ সালে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে। সে সময় আনুমানিক ১ কোটি ২ লাখ মানুষ অংশ নিয়েছিলেন, যা ইতিহাসে অন্যতম বৃহৎ জানাজা হিসেবে স্বীকৃত।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, খামেনির দাফন আগামী ৯ জুলাই অনুষ্ঠিত হবে। সম্ভাব্য বিশাল জনসমাগম বিবেচনায় নিয়ে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

১৯৮৯ সালের খোমেনির জানাজায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং পদদলিত হয়ে বহু মানুষ আহত হন। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার আরও সুসংগঠিত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ সময় দেশটির নেতৃত্বে ছিলেন।

 

তাসনিম হোসেন