ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে হত্যা; পুড়িয়ে দেওয়া হলো বিমান

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ১১:২৭ এএম

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের অশান্ত ও দুর্গম পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার দাবি করেছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। একই ঘটনায় একটি বেসামরিক যাত্রীবাহী বিমানেও আগুন দেওয়া হয়েছে। বিদ্রোহীদের দাবি, এটি যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া সরকারের প্রতি তাদের একটি ‘বার্তা’।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, পশ্চিম পাপুয়া জাতীয় মুক্তি বাহিনীর মুখপাত্র সেব্বি সামবোম নিহত মার্কিন পাইলটের পরিচয় নিকোলাস এফ গসেলিন বলে নিশ্চিত করেছেন।

তাঁর দাবি, হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো এলাকায় বিমানটি অবতরণের পর বিদ্রোহীরা পাইলটকে গুলি করে হত্যা করে। এরপর উড়োজাহাজটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বিদ্রোহী গোষ্ঠীর অভিযোগ, ওই যাত্রীবাহী বিমানটি নিয়মিতভাবে ইন্দোনেশিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যদের দুর্গম এলাকায় আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল। তাদের ভাষ্য, এ ধরনের কার্যক্রম বন্ধে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল, কিন্তু তা উপেক্ষা করায় এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, পাপুয়ায় মোতায়েন ইন্দোনেশিয়ার যৌথ পুলিশ ও সামরিক বাহিনীর অভিযান ইউনিটের মুখপাত্র ইউসুফ সুতেজো ইয়াহুকিমো এলাকার একটি বিমানবন্দরে মার্কিন পাইলট পরিচালিত একটি বিমান পুড়ে যাওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

তবে তিনি বলেন, বিমানটিতে বিদ্রোহীরা হামলা চালিয়েছে কি না এবং পাইলট নিহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, বিমানটিতে থাকা বাকি সাত আরোহীই স্থানীয় পাপুয়ান নাগরিক ছিলেন।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ পাপুয়া অঞ্চলের পশ্চিমাংশে ইন্দোনেশিয়ার শাসন থেকে স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। সাম্প্রতিক সময়ে উন্নত অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্রোহীদের হামলার সংখ্যা ও সংঘাতের তীব্রতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

 

তাসনিম হোসেন