বৃষ্টি-জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত প্রায় ২০ হাজার শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬, ০২:১৩ পিএম

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই দেশের ৫৯টি জেলায় অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ষষ্ঠ দিনের পরীক্ষা। প্রতিকূল আবহাওয়ার কারণে এদিন পরীক্ষায় অংশ নিতে পারেননি ১৯ হাজার ৫৯২ জন শিক্ষার্থী। এছাড়া অসদুপায় অবলম্বনের অভিযোগে বিভিন্ন শিক্ষা বোর্ডে ২৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় অনেক পরীক্ষার্থীকে পানি পেরিয়ে, নৌকা, ভ্যান বা বিকল্প যানবাহনে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে। এর প্রভাব পড়ে পরীক্ষার্থীদের উপস্থিতিতে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র ও হিসাববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় নিবন্ধিত ৪ লাখ ৫৩ হাজার ৫০৩ জনের মধ্যে অংশ নেন ৪ লাখ ৪১ হাজার ৭৭৪ জন। অনুপস্থিত ছিলেন ১১ হাজার ৭২৯ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ৭৫ হাজার ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৬৯ হাজার ৯২৩ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ১৭০ জন। কারিগরি শিক্ষা বোর্ডে অফিস ম্যানেজমেন্ট ও ব্যবসায় সংগঠন বিষয়ের পরীক্ষায় ৮৬ হাজার ১৪৩ জনের মধ্যে অংশ নেন ৮৩ হাজার ৪৫০ জন। এ বোর্ডে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৬৯৩ জন।

এদিকে অসদুপায় অবলম্বনের দায়ে মোট ২৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১৬ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫ জন পরীক্ষার্থী রয়েছেন।

 
 

তাসনিম হোসেন