যথাসময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৬:৩১ পিএম

ছবি: সংগৃহীত

যথাসময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৭ জুলাই) সকালে রংপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দেশের সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে জানান যে, নির্ধারিত নিয়ম ও সময় অনুযায়ী যথাসময়েই দেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন চূড়ান্ত করবে। তবে তিনি জানান, চলতি বছরের শেষ নাগাদ না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী জানান, সরকার কৃষির টেকসই উন্নয়নের স্বার্থে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের রংপুর অঞ্চলের কৃষি ব্যবস্থার আমূল উন্নয়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে জানান তিনি। কৃষিকে আধুনিক ও লাভজনক পেশা হিসেবে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে বলেও আশ্বস্ত করেন তিনি।

এ সময় বিএনপিকে একটি দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর জনগণের প্রত্যক্ষ ভালোবাসা ও ভোটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার গঠন করেছে। ইতিপূর্বে একাধিকবার সাফল্যের সঙ্গে দেশ পরিচালনা করেছে এই দল। বর্তমান সরকার সম্পূর্ণভাবে জনবান্ধব এবং কৃষিবান্ধব একটি সরকার উল্লেখ করে তিনি আরও বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে অভিহিত করেন, মূলত তাদের রাজনৈতিক জ্ঞানের অভাব রয়েছে অথবা তাদের মানসিকতা সেভাবে বিকশিত হয়েছে।

সকালের এই কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী প্রথমে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন করেন। এরপর তিনি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী পল্লী মেলার শুভ উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরবর্তীতে রংপুর শিল্পকলা একাডেমিতে সুধী সমাজের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি।

উক্ত বিভিন্ন অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম (এনডিসি), রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুরের জেলা প্রশাসক রুহুল আমিন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তাসনিম হোসেন