দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়া পর্যন্ত নতুন কোনো বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে স্পষ্ট মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উন্নয়নকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর উন্নয়নকাজের শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চীনা অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যান ওয়াং বেংকিয়ান, চীনা সড়ক এবং সেতু কর্পোরেশনের (সিআরবিসি) ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ইয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামসহ চট্টগ্রামের স্থানীয় অন্যান্য সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।
অনুষ্ঠানের একপর্যায়ে দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং বিদেশি বিনিয়োগের পরিবেশ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যেকোনো দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চাবিকাঠি হলো শিল্পায়ন ও বিনিয়োগ। তবে বৈদেশিক কিংবা দেশীয় বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে প্রধান এবং প্রথম শর্ত হলো একটি স্থিতিশীল পরিবেশ ও সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা। যদি বিনিয়োগকারীদের জানমালের নিরাপত্তা নিয়ে ন্যূনতম কোনো শঙ্কা বা অনিশ্চয়তা থাকে, তবে বিদেশি বড় বিনিয়োগ তো দূরের কথা, খোদ দেশের স্থানীয় উদ্যোক্তারাও নতুন করে পুঁজি খাটাতে সাহস পাবেন না। তাই সরকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সিইআইজেডসহ দেশের অন্যান্য সকল বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সার্বিক নিরাপত্তায় বিশেষ ও নিচ্ছিদ্র ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের শিল্পাঞ্চলগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধমূলক অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে। এই লক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অত্যন্ত সতর্ক ও তৎপর রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সরকারের এসব সময়োপযোগী ও কঠোর পদক্ষেপে খুব দ্রুতই বিনিয়োগবান্ধব নিরাপদ পরিবেশ গড়ে উঠবে এবং দেশ অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।