যুক্তরাষ্ট্রকে নিজেদের ইচ্ছা অনুযায়ী যুদ্ধ বা শান্তির সময় নির্ধারণ করার কোনো সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ওয়াশিংটন নিজেই নিজেদের তৈরি সংকটে আটকে পড়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের অবনতির মধ্যেই তেহরানের পক্ষ থেকে এই কঠোর বার্তা দেওয়া হয়েছে। সম্প্রতি আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সংঘাতের বিভিন্ন দিক নিয়ে নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে এই অবস্থান স্পষ্ট করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
রোববার (২৬ জুলাই) আয়োজিত এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘেই বলেন, ওয়াশিংটন এককভাবে নিজেদের ইচ্ছা অনুযায়ী যুদ্ধ শুরু করা কিংবা তা থামানোর সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন নীতিনির্ধারকদের যেকোনো একপেশে পদক্ষেপ বা খবরদারির দিন যে শেষ হয়ে আসছে, তার ইঙ্গিতই দেয় এই মন্তব্য। তার মতে, নিজেদের তৈরি করা বিভিন্ন রাজনৈতিক ও সামরিক সংকটের মারপ্যাঁচেই এখন ওয়াশিংটন নিজেই আটকে রয়েছে।
এর আগে রোববার ইরানের সামরিক মুখপাত্র আমির মোহাম্মদ আকরামিনিয়া জানান যে যুক্তরাষ্ট্র পরপর দুই রাত হামলা স্থগিত রাখার পর তেহরানের পক্ষ থেকেও তাদের পাল্টা অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম অ্যাক্সিওসের একটি প্রতিবেদনে প্রকাশ পায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সামরিক বাহিনীকে ইরানে নতুন করে আক্রমণ চালানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। এর ফলে গত প্রায় দুই সপ্তাহ ধরে চলা নিয়মিত ও তীব্র হামলার ধারা সাময়িকভাবে স্তিমিত হয়ে এসেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে বিভিন্ন হামলার ঘটনা ঘটে। এর পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের নানা প্রান্তে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামগুলোকে লক্ষ্য করে জোরালো আক্রমণ শুরু করে তেহরান। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে চরম আতঙ্ক ও যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল। বর্তমান যুদ্ধবিরতির আবহ বা সাময়িক বিরতি দীর্ঘস্থায়ী হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চললেও ইরানের এই কড়া বার্তা বুঝিয়ে দেয় যে তেহরান কোনোভাবেই মার্কিন চাপের কাছে নিজেদের কৌশলগত অবস্থান নমনীয় করতে রাজি নয়। আনাদোলু এজেন্সির পরিবেশিত সূত্র ধরে এসব তথ্য জানা গেছে।