শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৬:৫০ পিএম

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি এলাকায় শ্বশুরবাড়ির পাশের একটি পুকুর থেকে বি এম মাহমুদুল ইসলাম (৩৮) নামের এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ও শ্বশুরকে আটক করা হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি এলাকায় এক পুলিশ কর্মকর্তার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত বি এম মাহমুদুল ইসলাম (৩৮) ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মলছড়ি ক্যাম্পে উপপরিদর্শক (সশস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূঁইয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় লোকজন পাইককান্দি এলাকায় শ্বশুরবাড়ির ঠিক পাশের একটি পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি স্থানীয় থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে পুকুর থেকে ওই পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, উদ্ধারকৃত মরদেহটি সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে আসার পরই মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, এটি একটি চাঞ্চল্যকর ঘটনা হওয়ায় এর নেপথ্যের প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। তদন্তের প্রাথমিক অংশ হিসেবে ও জিজ্ঞাসাবাদের প্রয়োজনে নিহতের স্ত্রী এবং শ্বশুরকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তাসনিম হোসেন