জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম গণঅভ্যুত্থানের সঙ্গে ‘বেইমানি’ করেছিলেন বলেই ছাত্র উপদেষ্টা হতে পারেননি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই বিস্ফোরক দাবি করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, জুলাই মাসে আওয়ামী লীগের গণহত্যার বিচার ও শহীদদের স্মরণে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি হাতে নিলেও এনসিপি নেতাদের মুখে আওয়ামী লীগের বিচারের চেয়ে সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে হুমকি দিতে শোনা যায়। সম্প্রতি ফাঁস হওয়া এনসিপি নেতা ও সংসদ সদস্য হান্নান মাসউদের একটি অডিওর বরাত দিয়ে তিনি দাবি করেন, ওই অডিও থেকেই স্পষ্ট হয় যে গণঅভ্যুত্থানের সময় হাসনাত ও সারজিস মূলত আওয়ামী লীগের পক্ষেই কাজ করেছিলেন।
পোস্টে আরও বলা হয়, নাহিদ ইসলাম ১ নম্বর এবং আসিফ মাহমুদ ৪ নম্বর সমন্বয়ক হয়েও উপদেষ্টা হতে পেরেছেন, অথচ ২ ও ৩ নম্বর সমন্বয়ক হওয়া সত্ত্বেও হাসনাত ও সারজিস সেই পদ পাননি। ৭ আগস্ট রাতে একজন ছাত্র উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে রাশেদ খান বলেন, হাসনাত-সারজিস জাতির সঙ্গে বেইমানি করেছেন বলেই তাদের উপদেষ্টা করা হয়নি, যদিও তাদের পেছনে থেকেও আসিফ মাহমুদ ঠিকই ছাত্র উপদেষ্টা হয়েছেন।