হামের টিকা গাফিলতিতে তদন্তের প্রয়োজন নেই: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৩:১৯ পিএম

হামের টিকা কার্যক্রমে গাফিলতির ঘটনায় আলাদা কোনো তদন্তের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) এস এম জিয়াউদ্দিন হায়দার।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ৩৪তম আন্তর্জাতিক মিডওয়াইভস কংগ্রেসে অংশগ্রহণসহ সাম্প্রতিক ইউরোপ সফর নিয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন বিষয় তুলে ধরেন।

হামে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আলাদা তদন্তের প্রয়োজন নেই। তার ভাষায়, কার্যক্রমে কিছু কাঠামোগত পরিবর্তন ও বাস্তবায়নগত জটিলতার কারণে নির্ধারিত সময়ে কাজ এগোতে পারেনি।

তিনি বলেন, পূর্বের অপারেশনাল পরিকল্পনা পরিবর্তন করে প্রকল্প উন্নয়ন প্রক্রিয়ায় নেওয়ার পর ধারণা করা হয়েছিল দ্রুত অনুমোদন ও অর্থপ্রাপ্তি সম্ভব হবে। কিন্তু বাস্তবে দীর্ঘ সময়েও অনেক প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

তিনি আরও বলেন, প্রকল্প অফিস গঠনসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সময়মতো শেষ না হওয়ায় কাজ বাস্তবায়নে বিলম্ব হয়েছে।

তাসনিম হোসেন