নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০৫:১৪ পিএম

ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে দেশের সব আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন এলাকায় ওই নিষিদ্ধ সংগঠনের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তারা মিছিল-মিটিংসহ কিছু কার্যক্রমের চেষ্টা করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সরকারের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হতে পারে। এ কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সেনা মোতায়েন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রামসহ কয়েকটি জেলায় ‘সিভিল প্রশাসনকে সহায়তা’ হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলা করা যায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আগের তুলনায় দেশের পরিস্থিতি এখন আরও উন্নত হয়েছে। তবে সাম্প্রতিক কিছু রাজনৈতিক জোটের বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার, তবে তা আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে থেকেই করতে হবে। সরকার নিজের অবস্থান থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাবে বলেও জানান তিনি।

তাসনিম হোসেন