বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের বৈঠক

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, আলোচনায় বাংলাদেশে নির্বাচন-পরবর্তী সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় উঠে আসে।

উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা করা হয়।

বৈঠকে জুলাই সনদ, গণভোট বাস্তবায়ন, আলোচিত অধ্যাদেশগুলোর সম্ভাব্য প্রভাব, প্রস্তাবিত বাজেট, কর কাঠামো সংস্কার, রোহিঙ্গা সংকটের সমাধান এবং সুইডেনের অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্প নিয়েও মতবিনিময় হয়।

সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব ম্যাটিল্ডা সভেনসন এবং দ্বিতীয় সচিব ও বাণিজ্য, রাজনীতি ও যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন।

অন্যদিকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

তাসনিম হোসেন