ঢাকা দক্ষিণে জামায়াতের বড় চমক, মেয়র প্রার্থী হচ্ছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৫:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে প্রাথমিকভাবে আটটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২২ জুন) দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক থেকে এই সিদ্ধান্ত আসে। চূড়ান্ত হওয়া এসব প্রার্থীর নাম পরবর্তীতে জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরায় চূড়ান্ত করা হবে।

দলীয় সূত্র জানায়, বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী করা হচ্ছে দলের মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিনকে। আর ঢাকা দক্ষিণে প্রার্থী করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মো. আবু সাদিককে (সাদিক কায়েম)।

প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া অন্য প্রার্থীরা হলেন—চট্টগ্রাম সিটি করপোরেশনে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে হাফিজুর রহমান, বরিশালে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে মহানগর শাখার আমির এ টি এম আজম খান, খুলনায় খুলনা মহানগরীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মহানগর শাখার আমির মোহাম্মদ আবদুল জব্বার।

তবে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। এসব পদে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী আলোচনায় আছেন, যাদের বিষয়ে জামায়াত আরও পর্যবেক্ষণ নেবে বলে জানা গেছে।

তাসনিম হোসেন