ঢাকা-আরিচা মহাসড়কে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ সমর্থককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সকালে সাভারের আমিনবাজারের তুরাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ। তিনি জানান, তুরাগ এলাকায় আওয়ামী লীগ মিছিল করতে পারে এমন সংবাদের ভিত্তিতে আগে থেকেই অবস্থান নেয় পুলিশ। পরে সেখান থেকে মিছিলের প্রস্তুতি নিশ্চিত করে ব্যানারসহ আওয়ামী লীগের ছয় সমর্থককে আটক করে থানায় নেওয়া হয়। তারা সবাই পতিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার ও আশুলিয়ায় নাশকতা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমিনবাজার থেকে নবীনগর বাইপাইল পর্যন্ত মহাসড়কের কয়েকটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।