প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ০৭:০৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনার ভিত্তিতে এসব চুক্তি ও সমঝোতা সম্পন্ন হয়েছে।

শুক্রবার দুপুরে বেইজিংয়ের দিয়াওতাই হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তুলে ধরেন মুখপাত্র মাহদী আমিন।

তিনি জানান, বৃহস্পতিবার দ্বিপাক্ষিক আলোচনার পর দুই দেশের প্রধানমন্ত্রীর সম্মতিতে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

মাহদী আমিন বলেন, এর মধ্যে ১৩টি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে দুই দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে। এগুলো স্বাক্ষরিত হয়েছে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে।

এছাড়া তিনটি সমঝোতা হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে। আর একটি সমঝোতা হয়েছে রাজনৈতিক দল পর্যায়ে—বাংলাদেশের বিএনপি এবং চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মধ্যে।

তিনি আরও বলেন, সব মিলিয়ে ১৭টি সমঝোতা স্মারকের মধ্যে ১৩টি হয়েছে মন্ত্রণালয় পর্যায়ে, তিনটি বিনিয়োগ সংক্রান্ত এবং একটি রাজনৈতিক দল পর্যায়ে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার রাতে চীন সফরে যান। তিনি প্রথমে দালিয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে অংশ নেন, পরে বুধবার রাতে বেইজিংয়ে পৌঁছান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুর ইসলাম রনি উপস্থিত ছিলেন।

 

তাসনিম হোসেন