ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই বিদ্যালয়ের চার স্কুলছাত্রী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই বিদ্যালয়ের চার স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর রাত পর্যন্ত তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজ না পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজ চার ছাত্রীর স্বজনরা।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম।
নিখোঁজ ছাত্রীরা হলেন উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)।
তাদের মধ্যে খুশি, মলিকা ও ঋতু সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। অন্যদিকে সুজতি রানী একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে।
অভিভাবকদের ভাষ্য, মঙ্গলবার ভোর প্রায় ৬টার দিকে চারজন একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু সারাদিন পেরিয়ে রাত হলেও তারা আর বাড়ি ফেরেনি। পরে বিদ্যালয় ও যেখানে প্রাইভেট পড়ার কথা ছিল সেখানে খোঁজ নিয়ে জানা যায়, ওই দিন তারা কোথাও উপস্থিত হয়নি।
স্বজনরা জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। দ্রুত চার স্কুলছাত্রীকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার আশা প্রকাশ করেছেন তারা।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, চার স্কুলছাত্রীর নিখোঁজের বিষয়ে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তাদের সন্ধানে পুলিশের অভিযান চলমান রয়েছে।