একদিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। নতুন এই দাম আজ শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ১১.৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। একইভাবে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই দিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়। একই দিনে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও সমন্বয় করা হয়েছিল, যা সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়।

বাজুসের এই ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে স্বর্ণবাজারে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

তাসনিম হোসেন