দুই বছর পর প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত দলের শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ জুলাই ২০২৬, ০৯:২৩ এএম

দীর্ঘ দুই বছর আত্মগোপনে থাকার পর ২০২৪ সালের ৫ আগস্টের পর পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রকাশ্যে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও ঘিরে বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের হাডসন নদীর তীরে দাঁড়িয়ে উদাস ভঙ্গিতে ধূমপান করছেন শামীম ওসমান। পরে আরেকটি পোস্টে তাকে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. সিদ্দিকুর রহমান, কমিউনিটি অ্যাকটিভিস্ট মইনুজ্জামান চৌধুরীসহ স্থানীয় কয়েকজন নেতাকর্মীর সঙ্গে দেখা যায়।

জানা গেছে, তিনি একটি ক্রুজশিপ ভ্রমণেও অংশ নেন। স্থানীয় ফটোসাংবাদিক নেহার সিদ্দিকী গত রোববার (৫ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে শামীম ওসমানের ছবি ও ভিডিও প্রকাশ করলে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে কমিউনিটি অ্যাকটিভিস্ট মইনুজ্জামান চৌধুরী জানান, শামীম ওসমানকে নিয়ে তারা হাডসন নদীতে একটি ক্রুজশিপ ভ্রমণে অংশ নিয়েছিলেন। এই আয়োজনের দায়িত্বে ছিল জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট ও অল কাউন্টি হোমকেয়ার কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় জনসমক্ষে অনুপস্থিত থাকার পর শামীম ওসমানের এই প্রকাশ্য উপস্থিতি রাজনৈতিক অঙ্গন ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

তাসনিম হোসেন