জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে, বিচার চলবে ধারাবাহিকভাবে: প্রতিমন্ত্রী টুকু

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পবিত্র জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত ‘জুলাই সনদ’-এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনার বিচার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করব। গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছেন, সেই সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সরকার শহীদ ও আহত পরিবারের পাশে রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিহত ও আহতদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা, হত্যাকাণ্ডের মামলাগুলোর দ্রুত চার্জশিট দাখিল এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারের আরও কার্যকর ভূমিকা রাখার দাবি জানান।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 
 

তাসনিম হোসেন