২৭ আগস্ট প্রকাশ হবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৬ পিএম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ১০ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করে দাবি-আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম সম্পন্ন করা হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আগামী ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১০ আগস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এ তালিকার ওপর দাবি ও আপত্তি জমা দেওয়ার শেষ সময় ১৮ আগস্ট। পরে আবেদনগুলো যাচাই-বাছাই ও নিষ্পত্তির কাজ ২৩ আগস্টের মধ্যে শেষ করা হবে। সব প্রক্রিয়া শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এদিকে, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ সংশোধন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে।

চিঠিতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে স্থায়ী ভবনে ভোটকক্ষ স্থাপনের সুযোগ থাকলে অস্থায়ী ভোটকক্ষ নির্মাণের প্রস্তাব না দেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠাতে হবে। তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে তালিকার হার্ড কপি ও সফট কপি জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

তাসনিম হোসেন