‘একটি গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অঙ্গীকার’": বিমানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, একটি গাছ লাগানো শুধু একটি চারা রোপণ নয়; এটি আগামী প্রজন্মের জন্য একটি অঙ্গীকার, একটি দায়িত্ব এবং মূল্যবান উপহার।

রোববার (১৯ জুলাই) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এ কর্মসূচির লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা। তিনি বলেন, “প্রত্যেক শিশুর হাতে একটি গাছ তুলে দিয়ে আমরা একটি সুন্দর আগামীর ভিত্তি গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি আধুনিক, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; প্রকৃতি সংরক্ষণ, পরিবেশের নিরাপত্তা এবং জনসচেতনতা নিশ্চিত করাও টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

মানিকগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আফরোজা খানম রিতা বলেন, জনগণের দেওয়া আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি জেলার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন। এজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে শিশুদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রত্যেক শিশুর হাতে একটি করে গাছের চারা তুলে দিয়ে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

তাসনিম হোসেন