জিয়া হত্যা মামলা: মেজর (অব.) মোজাফফরের বিচার হবে সেনা আইনে

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সামরিক আদালতে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার (২০ জুলাই) পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গ্রেপ্তার হওয়া মেজর (অব.) মোজাফফর হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং ভিন্ন পরিচয় ধারণ করে পার্শ্ববর্তী একটি দেশে অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি দেশে ফেরার পর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর নিয়মানুযায়ী বিচারের জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

জেনারেল কোর্ট মার্শালের যৌক্তিকতা

সালাহউদ্দিন আহমদ বলেন, “মেজর মোজাফফরের অন্যান্য সহযোগীদের বিচার সামরিক আদালতেই সম্পন্ন হয়েছিল এবং সে সময়ের কিছু সুনির্দিষ্ট ফাইন্ডিংস (পর্যবেক্ষণ) রয়েছে। জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সম্ভবত তার বিচার সম্পন্ন হবে। একই মামলায় আগে যারা দণ্ডিত হয়েছেন বা যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, সেই রায়ের আলোকে মোজাফফরের বিষয়ে কোনো ফাইন্ডিংস রয়েছে কি না, সেটিও জেনারেল কোর্ট মার্শাল বিবেচনা করবে।”

তিনি আরও স্পষ্ট করেন যে, যেহেতু অভিযুক্ত ব্যক্তি একজন সেনা সদস্য, তাই তার ক্ষেত্রে মিলিটারি অ্যাক্ট (সেনা আইন) প্রযোজ্য হবে। একই মামলার অন্যান্য সহ-আসামিদের বিচারও সেনা আইনের আওতায় হওয়ায় সেনাবাহিনী তাদের নিজস্ব বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে সিভিল কোর্টের (দেওয়ানি/ফৌজদারি আদালত) এক্তিয়ারভুক্ত কোনো বিষয় থাকলে তা আইন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আইন অনুযায়ী একই ব্যক্তিকে একই ঘটনার জন্য দুটি পৃথক আইনে আলাদাভাবে বিচার করা যায় না। তাই সার্বিক আইনি প্রক্রিয়া মেনেই এই বিচার কাজ সম্পন্ন করা হবে।

তাসনিম হোসেন