চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হোন: শেকৃবির নবীনদের উদ্দেশে মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ০৭:২৬ পিএম

ছবি: সংগৃহীত

চাকরির পেছনে অন্ধের মতো না ছুটে নবীন শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে কৃষিভিত্তিক শিল্প, পোল্ট্রি বা খামার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৬ জুলাই) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন।

রোববার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান দেশের শ্রমবাজারের বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় চার লাখ শিক্ষিত বেকার রয়েছে এবং চাইলেও দেশের সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়। তাই প্রচলিত চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের নিজেদের মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে এগ্রো-বেইজড ইন্ডাস্ট্রি, পোল্ট্রি কিংবা বিভিন্ন খামার গড়ে তোলার মাধ্যমে অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, দেশের লাখো শিক্ষার্থীর ভিড় থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার দুর্লভ সুযোগ তারা পেয়েছেন। তবে তাদের সবসময় মনে রাখতে হবে যে, এই প্রতিষ্ঠানের প্রতিটি ইট সাধারণ কৃষক ও মেহনতী মানুষের হাড়ভাঙা খাটুনি আর কষ্টার্জিত অর্থের বিনিময়ে গড়ে উঠেছে। তাই প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে দেশের এই সাধারণ মানুষের প্রতি যে ঋণ রয়েছে, তা পরিশোধ করার মানসিকতা রাখতে হবে শিক্ষার্থীদের।

দেশের কৃষিকে এগিয়ে নিতে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে সুনির্দিষ্টভাবে ‘এগ্রিকালচার হাব’ হিসেবে রূপান্তর করার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো কৃষি বিশ্ববিদ্যালয়ের তরুণ ও মেধাবী শিক্ষার্থীরা যেন সহজেই উদ্যোক্তা হয়ে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে পারেন। একই সাথে গবেষণালব্ধ নতুন প্রযুক্তি ও আবিষ্কারগুলো দ্রুত মাঠপর্যায়ে সাধারণ কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

রাজনীতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, তবে সেই রাজনীতি হতে হবে একান্তভাবেই মানুষের কল্যাণে এবং ইতিবাচক ধারার। তবেই সম্মিলিত প্রচেষ্টায় একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আবাসন সংকট দূর করা এবং গবেষকদের উৎসাহিত করতে গবেষণার জন্য আর্থিক তহবিল বাড়ানোর বিষয়ে সর্বাত্মক সহযোগিতার জোরালো আশ্বাস দেন মন্ত্রী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন। এছাড়াও অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. আবুল বাশার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। তবে অনুষ্ঠানে ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমন্ত্রিত নেতাকর্মীরা উপস্থিত থাকলেও পরবর্তীতে নানা কারণে তা বর্জন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

তাসনিম হোসেন